‘যোদ্ধা’ মাশরাফি

যুদ্ধ। প্রতিনিয়ত। কখনও ক্লান্ত শরীরের সঙ্গে। কখনও ইনজুরি কবলিত হাঁটুর সঙ্গে। মাশরাফি এভাবে কাটিয়েছেন ক্যারিয়ারের অধিকাংশ সময়। কোর্টনি ওয়ালশ অধিনায়কের ওই যুদ্ধের আসল দিনগুলো দেখেননি। কোচ হয়ে এসেছেন কয়েক মাস হল। তবু তিনি অনুভব করেন, মাশরাফি একজন সত্যিকারের যোদ্ধা। যিনি প্রতিনিয়ত যুদ্ধ করে যান।
ম্যাচ চলাকালীন টেন ক্রিকেটের সঙ্গে আলাপকালে ওয়ালশ বলেন, ‘মাশরাফি একজন সৈনিক। সব সময় যুদ্ধ করছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে টস করার সময় মাশরাফি এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। বৃহস্পতিবারের ম্যাচটি খেলেই ২০ ওভারের ক্রিকেটকে বিদায় বলবেন।
মাশরাফির অবসরের খবরটি গোটা দেশের কাছে বিস্ময় হয়ে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাহাকার পড়ে গেছে। ওয়ালশও এই খবর শুনে অবাক হয়েছেন, ‘সকালে শুনতে পাই সে টি-টুয়েন্টি থেকে অবসর নিবে। অবাক হয়েছিলাম। তার জন্য শুভ কামনা।’



