মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার সবচেয়ে প্রত্যাশিত বৈঠক সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপের একটি হোটেলে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।
আগামী ১২ জুন এই ঐতিহাসিক বৈঠক সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে বৈঠক সম্পর্কিত আরো অনেক ছোট ছোট বিষয় এখনো নিশ্চিত করা হয়নি।
নর্থ কোরিয়ার নেতা ও ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের মধ্যে এটাই হবে প্রথম কোনো বৈঠক। মঙ্গলবার ট্রাম্প জানান, বৈঠকের পরিকল্পনা খুব ভালোভাবেই চলছে।
তিনি সাংবাদিকদের জানান, অনেক অনেক নতুন সম্পর্ক গড়ে তোলা হচ্ছে, সফরের পূর্বে অনেক আলাপ আলোচনাও চলছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা দিন হবে সেগুলো।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডারস টুইটারে নিশ্চিত করেন, বৈঠকটি সেনতোসার ক্যাপেল্লা নামে একটি ফাইভ স্টার হোটেলে হবে।
সিঙ্গাপুরের ৬৩ টি দ্বীপের একটি সেনতোসা। ৫০০ হেক্টরের এই দ্বীপটি মূল দ্বীপ থেকে খুবই স্বল্প দূরত্বে। সেখানে বিলাসবহুল রিসোর্ট, ব্যক্তিগত প্রমোদতরী ও গল্ফ ক্লাব রয়েছে।
তবে জলদস্যুতা, রক্তপাত এবং যুদ্ধের ইতিহাসও রয়েছে দ্বীপটির। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হত্যাকাণ্ডের একটি ক্ষেত্র ছিলো এই দ্বীপটি।
দ্বীপটি মূল ভূখণ্ড থেকে অনেক দূরে হওয়ার সেটা একটা নিরাপদ ক্ষেত্র বলে মনে করেছে দুই দেশ। এই দ্বীপে প্রবেশ সহজেই নিরাপদ করা যায়। সেখানে শুধু একটি কেবল কার রয়েছে, রয়েছে মনোরেল, একটি পথচারী সড়ক এবং যানবাহনের টানেল।







