মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে করতে নর্থ কোরিয়া প্রস্তুত বলে জানিয়েছে দেশটির নেতারা। দেশটির ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালে নেতারা এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর জন্য নর্থ কোরিয়ার কাছে পর্যাপ্ত কারিগরি প্রযুক্তি রয়েছে বলে আশঙ্কা করছে পেন্টাগন। তবে নর্থ কোরিয়ার পরমাণু হামলার পাল্টা হামলা চালানোর ক্ষমতাও পেন্টাগনের রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কমান্ডোরা।
নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন, ‘আমাদের দলের বিপ্লবী রণসজ্জা দেখে বুঝে নিতে হবে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সাম্রাজ্যবাদী আক্রমণ মোকাবেলার ক্ষমতা আমাদের রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে আমরা তার উপযুক্ত জবাব দিতে তৈরি।’
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কয়ারে জনতার ঢল নামে। উন্মুক্ত নীলাকাশের নিচে সমবেত জনতার উদ্দেশে কালো মাও সুট পরা কিম জং উন বক্তৃতা করেন। এ সময় তাকে উৎসুক, উৎফুল্ল ও আনন্দিত মনে হয়েছে। সে সময় মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির কর্মকর্তা লিউ ইয়ুনশান।







