যুক্তরাজ্যের এসেক্সে লরির কন্টেইনার থেকে যে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল তারা সবাই চীনা নাগরিক। সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও পুরুষ ছিল।
গ্রেপ্তার লরি চালককে জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে বলে গোয়েন্দাদের বরাতে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার এসেক্সের গ্রেজ এলাকার ইস্টার্ন এভিনিউতে অবস্থিত ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে লরিটি থামায় স্থানীয়রা। স্থানীয় সময় দিবাগত রাত ২টার দিকে পুলিশ লরিটি থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে একজন তরুণ, বাকীরা সবাই প্রাপ্ত বয়স্ক।
২৫ বছর বয়সী লরি চালক মো রবিনসনের বাড়ি নর্দার্ন আয়ারল্যান্ডের আরমাগ এলাকায়। বুধবার রাতেই পুলিশ ওই এলাকার দুটি স্থানে তল্লাশি চালিয়েছে।
স্থানীয় কাউন্সিলর পল বেরি বলেন, লরিভ্যালি গ্রামে চালক রবিনসনের পরিবার বসবাস করে। এ ঘটনায় তার পরিবার পুরো স্তব্ধ হয়ে গেছে।








