নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। সোমবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুরের শাষপুর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের একজন শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের হামিদা বেগম(২৪), নিহত অপর ২ যাত্রীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, ঢাকা থেকে ভৈরবগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হামিদা বেগম মারা যায়। আহত হয় কমপক্ষে ১৫ জন। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো ২ জন। দুর্ঘটনার পর মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, অতিরিক্ত স্পিডের কারণে দুইটি গাড়ীই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।







