স্পোর্টস

ম্যানইউ-লিভারপুল সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

ম্যানইউ-লিভারপুল সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

অভিযোগটা মারাত্মক। সরাসরি বর্ণবাদের। ফিফা এবং এর সদস্য দেশগুলো যখন বর্ণবাদী আচরণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে, তখন এর বাড়ন্ত প্রচলনটা চোখে আঙুল দিয়ে দেখালেন উইলফ্রেড জাহা। ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের এই ফরোয়ার্ড।

আইভরি কোস্ট তারকা জাহা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার প্রতি চরম বর্ণবাদী আচরণ করা হচ্ছে। ফেসবুকে বার্তা পাঠিয়ে তাকে ‘কালো বাঁদর’ বলে বিরক্ত করার মত বর্ণবাদী আচরণের জন্য জাহা রেডডেভিল এবং অলরেড সমর্থকদের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন।

ইনস্টাগ্রামে এক পোস্টে সাবেক রেডডেভিল তারকা অভিমান করে লিখেছেন, ‘ম্যানইউ এবং লিভারপুল সমর্থকরা আমাকে ফেসবুকে কালো বাঁদর লিখে বার্তা পাঠাচ্ছে। এতে যদি ওদের ভালো লাগে, দিনটা ভালো মত শুরু হয়, তবে তারা তাই করুক।’

শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই নয়, ক্রিস্টাল প্যালেস কোচ ফ্রাঙ্ক ডি বোরের অভিযোগ মাঠেও শারীরিক এবং বর্ণবাদী আচরণের শিকার হন জাহা। হংকংয়ে প্রাক-প্রস্তুতিমূলক ম্যাচে শনিবার ওয়েস্ট ব্রমের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে একাধিকবার প্রতিপক্ষ খেলোয়াড়রা জাহাকে বাজেভাবে ট্যাকল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ বোরের।

‘আপনি যদি সুন্দরভাবে প্রিমিয়ার লিগ চালাতে চান, তবে এটাকে মোটেও সুন্দরের উদাহরণ বলা চলে না। মাঠে অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। কিন্তু বাজেভাবে ট্যাকল করাকে কিছুতেই মেনে নেওয়া যায় না। জাহা যদি চোটে পড়ে আমি কিন্তু ছেড়ে দেব না।’

ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের দিকে এভাবে একপ্রকার প্রচ্ছন্ন হুমকিই ছুঁড়ে দিয়েছেন প্যালেসদের ডাচ কোচ বোর। সঙ্গে মাঠের রেফারিদেরকেও জাহাকে এসব বাজে আক্রমণ থেকে রক্ষা করতে অনুরোধ জানিয়েছেন।

বিষয়:ক্রিস্টাল প্যালেস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…