ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান নিয়ে এই মুহূর্তে কোনো চমক না থাকলেও শীর্ষ চারে ওঠার লড়াই জমে উঠেছে। শনিবার রাতের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়ে শীর্ষ চারে উঠে আসে। অন্য ম্যাচে আবার লিভারপুল জয় নিয়ে ম্যানইউকে ছয়ে ঠেলে দিয়েছে।
ওয়াটফোর্ডকে হারাতে ম্যানইউ’র হয়ে গোল করেছেন মাতা এবং মার্শিয়াল। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ম্যানসিটির পরে তাদের অবস্থান।
অন্যদিকে লিভারপুলও টটেনহ্যামকে একই ব্যবধানে হারিয়েছে। গোল দুটি করেছেন সাদিও মানে।
ম্যাচের ১৬তম মিনিটে জর্জিনিয়ো ভিনালডামের বাড়ানো বলে নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত আক্রমণে উঠে গোলরক্ষককে পরাস্ত করেন মানে। দুই মিনিট পর দারুণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে সবার উপরে চেলসি। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের সংগ্রহ ৫০।







