মোস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে দেরাদুন যাচ্ছেন আবুল হাসান রাজু। এ ডানহাতি পেসার সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন ২০১২ সালে।
জাতীয় দল থেকে আড়াল হয়ে পড়া আবুল হাসান এ বছর ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে ডাক পান তিন বছর অপেক্ষার পর। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি।
আবুল হাসান আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন চারটি। উইকেট পেয়েছেন দুটি।
পেস বোলারদের বিশেষ ক্যাম্পে কক্সবাজার রয়েছেন আবুল হাসান। শুক্রবার দেরাদুনে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। রোববার (৩ জুন) আফগানদের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ। পরের দুটি ৫ ও ৭ জুন।
মঙ্গলবার ভারতের দেরাদুন পৌঁছায় বাংলাদেশ দল। বুধবার হয়েছে প্রথম অনুশীলন। সিরিজের ভেন্যুতে অনুশীলনের পর টিম ম্যানেজমেন্টের সঙ্গে মুঠোফোনে কথা বলে আবুল হাসানকে মোস্তাফিজের বিকল্প হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেন নির্বাচকরা।
দেরাদুনে যাওয়ার কয়েকঘণ্টা আগে জানা যায় মোস্তাফিজ যেতে পারছেন না পায়ের ব্যথায়। বুড়ো আঙুলের এক্স-রে করার পর দেখা যায় চিড় ধরেছে। সুস্থ হতে লেগে যাবে ৩-৪ সপ্তাহ। আগামী দুই সপ্তাহ কাটার মাস্টারকে থাকতে হবে বিশ্রামে। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া।







