মোবাইল ফোন চুরির অভিযোগে সীতাকুণ্ডে আব্দুল মালেক নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর গ্রামে চেয়ারম্যানঘাটা এলাকায় ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আব্দুল মালেকের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তবে তিনি শীতলপুর গ্রামের বগুলা বাজার এলাকায় থাকতেন। একটি ওয়াটার পিউরিফায়ার কারখানায় কাজ করতেন তিনি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কারখানার কাজ সেরে বাসায় ফিরেছিলেন মালেক। পরে ওই কারখানার ম্যানেজার ও আরও কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যায়।
পরে ম্যানেজার ও তার লোকজন মোবাইল ফোন চুরির অভিযোগে মালেককে বেঁধে রেখে বেদম মারধর করে বলে জানায় এলাকাবাসী। মারধরের এক পর্যায়ে মালেকের মৃত্যু হলে তার মৃতদেহ রাস্তায় ফেলে দেয়া হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে ৫ জনকে আটক করে। তবে আটককৃতদের পরিচয় এখনো জানায়নি পুলিশ।










