জনপদ

চাঁদার টাকা না পেয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা

সৈয়দপুর থানার ভবন, বাংলাদেশে পুলিশ স্টেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দপুর থানার ভবন, যেখানে পুলিশ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেহেরপুরের গাংনীতে চাঁদার টাকা না পেয়ে অপহরণকারীরা আবির হোসেন (১১) নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে। শনিবার দিবাগত মধ্যরাতে গাংনী উপজেলার মিনাপাড়া-মানিকদিয়া মাঠের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবির হোসেন স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ও মিনাপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল হকের ছেলে। এ ঘটনায় জড়িত ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহুনবীর ছেলে হামিম ও তার সহযোগি মিরাজ উদ্দীনের ছেলে মুজাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আবির হোসেনের মামা আব্দুল্লাহ আল মামুন রিপন জানান, শনিবার বিকালে আবিরকে ডেকে নিয়ে যায় ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহুনবীর ছেলে হামিম ও মিরাজ উদ্দীনের ছেলে মুজাহিদ।

তিনি বলেন, সন্ধ্যায় আবিরের কাছে থাকা তার মায়ের মোবাইল ফোন থেকে অপহরণকারীরা আবিরের পিতা মালয়েশিয়া প্রবাসী আসাদুল হকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে আবিরকে হত্যার হুমকি দেয়। অপহরণকারীদের ফোন কল পেয়ে মালয়েশিয়া প্রবাসী আসাদুল হক তার পরিবারের সদস্যদের জানালে আবিরের সন্ধানে নামে গ্রামের লোকজন। গ্রামবাসীর সহায়তায় গ্রেপ্তার করা হয় অপহরণকারী ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহুনবীর ছেলে হামিম ও মিরাজ উদ্দীনের ছেলে মুজাহিদকে। পরে তাদের কাছ থেকে তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত অপহরণকারীদের তথ্যের ভিত্তিতে আবিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হবে।

বিষয়:গাংনী মেহেরপুর শিশু শ্বাসরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…