মেসির সঙ্গে খেলেছেন। খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং রোনালদিনহোর সঙ্গেও। তিনজনের সঙ্গে খেলে বার্সেলোনা কিংবদন্তি ডেকোর উপলব্ধি, অন্য দুইজনের চেয়ে ব্রাজিলের রোনালদিনহো অনেক এগিয়ে।
ডেকো বার্সায় মেসি এবং রোনালদিনহোর সতীর্থ ছিলেন। আর জাতীয় দলে খেলেছেন রোনালদোর সঙ্গে।
তিনি ন্যু ক্যাম্পে আসার পর রোনালদিনহোর সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে তোলেন। দুজনে ফ্রাংক রাইকার্ডের অধীনে দুটি লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতেন।

এএসের সঙ্গে আলাপকালে ডেকো বলেন, ‘এটা পরিষ্কার যে রোনালদো এবং মেসি দুজনই বড় খেলোয়াড়। কেউ কখনো ভাবতে পারেনি এত বছর ধরে তারা এই পর্যায়ে নেতৃত্ব দেবে। কিন্তু তাদের ছাড়িয়ে রোনি (রোনালদিনহো) আমাকে বেশি মুগ্ধ করেছে। আমার কাছে সে সব সময়ের সেরা।’
‘তার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে বুঝেছি, কোনো কিছুর সঙ্গে তার তুলনা করা কঠিন। সে জাদুকর।’








