মেসি ম্যাজিকে হ্যাটট্রিক শিরোপা বার্সার

দুর্দান্ত ফর্মে থেকেও বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ বা লা লিগায় সাফল্য এনে দিতে পারেননি। লিওনেল মেসি সেই কষ্টের কিছুটা ভুললেন কোপা ডেল রেতে। শনিবার রাতে নিজে একটি গোল করলেন, সতীর্থদের দিয়ে করালেন দুটি। সঙ্গে জ্বলে উঠলেন নেইমারও। তাতে ফাইনালে দেপোর্তিভো আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা।
মেসির জ্বলে ওঠার দিনে বার্সেলোনার বাকি গোলদুটি নেইমার ও পাকো আলকাসেরের। এতে প্রতিযোগিতাটির হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। সেইসঙ্গে শিরোপা জিতেই কোচ লুইস এনরিকেকে বিদায় জানাল ন্যু ক্যাম্পের দলটি। প্রতিযোগিতাটির রেকর্ড ২৯ বারের চ্যাম্পিয়নও বার্সেলোনা।
অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে ক্যালদেরনে ম্যাচের শুরুতে হাভিয়ের মাশ্চেরানো চোট নিয়ে মাঠ ছাড়লে ধাক্কা খায় বার্সেলোনা। সেটি সামলে ওঠার আগেই ২৭ মিনিটে আলাভেসের ইবাই গোমেজের শট পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়লে পিছিয়ে পড়া থেকে বেঁচে যায় দলটি।

ম্যাচের ৩০ মিনিটে প্রথম সাফল্য পায় বার্সা। গোলের নায়ক মেসি। নেইমারের সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি ফুটবল জাদুকরের ৫৪তম গোল।
দ্রুতই সমতা ফেরায় আলাভেস। ম্যাচের ৩৩ মিনিটে দর্শনীয় গোলে সমতা আনেন থিও হের্নান্দেজ। সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির ঠিক আগে দুটি গোল করে ম্যাচের লাগাম টেনে নেয় বার্সা। দুটি গোলই করিয়েছেন মেসি।

ম্যাচের ৪৫ মিনিটে মেসির পাসে বল পেয়ে আন্দ্রে গোমেজ নেইমারের দিকে ঠেলে দেন। তা থেকে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় নেইমার। এটি কোপা ডেল রের টানা তিন ফাইনালে গোল করার কীর্তি এনে দেয় নেইমারকে।
পরের গোলটিও আসে মেসির সহায়তায়ই। বক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে আলকাসেরের দিকে বল বাড়ান মেসি, সেটি থেকে সহজেই জাল খুঁজে নেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধেও মেসি কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু সাফল্য আসেনি। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই শিরোপার হাসিতে মাতে বার্সা।






