ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে মেসির জোড়া গোলে স্কটিশ ক্লাব সেল্টিক’কে ২-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ‘রাউন্ড অফ সিক্সটিনে’ উঠেছে পাঁচবারের চ্যাম্পিয়ন বর্সেলোনা। আর বরুশিয়া মনচেনগ্লাডবাখের সঙ্গে ১-১ এ ড্র করে ‘সি’ গ্রুপের রানার্স-আপ হয়ে বার্সেলোনার সহযাত্রী ম্যানচেস্টার সিটি। ‘এ’ গ্রুপে পিএসজি এবং আর্সেনাল পেয়েছে রাউন্ড অফ সিক্সটিনের টিকিট। তবে, ‘ডি’ গ্রুপে রাশান ক্লাব রোস্টভ পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে দেখিয়েছে দারুণ চমক।
‘ডি’ গ্রুপ থেকে ‘রাউন্ড অফ সিক্সটিন’ আগেই নিশ্চিত হয়েছিলো অ্যাটলেটিকো মাদ্রিদ ও পাঁচবারের চ্যাম্পিয়ন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। উত্তাপহীন গ্রুপে দারুণ উত্তাপ ছড়িয়েছে রাশান ক্লাব রোস্টভ। হোম ম্যাচের সুবিধা পেয়ে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচে রোস্টভ ৩-২ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এটা রোস্টভের প্রথম জয়। এই গ্রুপ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন ও বায়ার্ন মিউনিখ রানার্স-আপ হয়ে উঠছে রাউন্ড অফ সিক্সটিনে।
আরেক জার্মান ক্লাব বরুশিয়া মনচেনগ্লাডবাখের সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘ডি’ গ্রুপের রানার্স-আপ হয়ে পরের রাউন্ডে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়া সিটিজেনদের হারের লজ্জা থেকে বাঁচায় প্রথমার্ধের ইনজুরি টাইমে দাভিদ সিলভার গোল।
‘ডি’ গ্রুপে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিক ও স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার ফিরতি ম্যাচটি ছিলো আরো একটি মেসি শো। সেল্টিক পার্কে অনুষ্ঠিত একপেশে ম্যাচে মেসির জোড়া স্ট্রাইকে বার্সেলোনা ২-০’র জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। সেল্টিকের বিপক্ষে হোম ম্যাচে হ্যাটট্রিক করা মেসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার ম্যাচে করলেন নয়টি গোল, চ্যাম্পিয়ন্স লিগে সবমিলিয়ে ৯২টি।






