গুঞ্জন শোনা যাচ্ছে, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন লিওনেল মেসি। ২০১৮ সালে চুক্তির মেয়াদ শেষ হলে কাতালান দলে আর দেখা যাবে না ক্ষুদে জাদুকরকে।
কিন্তু এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সেলোনার সহ-সভাপতি জর্ডি মেস্ত্রে। তার বিশ্বাস, অল্প কিছুদিনের মধ্যেই তাদের সঙ্গে নতুন চুক্তিতে সই করবেন মেসি।
বার্সা সহ-সভাপতি বলেন, ‘মেসিকে নিয়ে ওঠা গুঞ্জন ঠিক নয়। এখন পর্যন্ত সবকিছু ঠিকই আছে। আমার বিশ্বাস সবকিছু ভালোভাবেই শেষ হবে। মেসির সঙ্গে চুক্তি নবায়নের প্রক্রিয়া ঠিক পথেই এগোচ্ছে।’
বার্সেলোনার হয়ে চলতি মৌসুমেও দারুণ ফর্মে মেসি। কাতালানদের হয়ে এখন পর্যন্ত ৫০০ গোল করেছেন তিনি। আর এই মৌসুমেই করেছেন ৫১ গোল।
শুধু মেসি নয়, বার্সেলোনা তাদের পরবর্তী কোচও ঠিক করে ফেলেছে। বর্তমান কোচ লুইস এনরিকের স্থলাভিষিক্ত হতে বিকল্প তিনটি।
তাদের মধ্যে রয়েছেন, অ্যাথলেটিকো বিলবাওয়ের কোচ আরনেস্তো ভালভেরদে, এভারটনের কোচ রোনাল্ড কুমান ও এনরিকের সহকারী হুয়ান কার্লোস উনসুয়ে।







