‘আর্জেন্টিনার শতাব্দীর সেরা বিয়ে’তে লিওনেল মেসি দাওয়াত করেছিলেন ক্লাব ও জাতীয় দল সতীর্থসহ ২৬০ জন অতিথিকে। কোন এক রহস্যজনক কারণে ফুটবল জাদুকর সাবেক গুরু ও স্বদেশি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে নিমন্ত্রণ করেননি। প্রিয় শিষ্যের দাওয়াত না পেলেও ম্যারাডোনা কিন্তু শুভেচ্ছাই জানাচ্ছেন। তবে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের কণ্ঠে মিশে ছিল চাপা অভিমানও।
শুধু ম্যারাডোনা নন, মেসির দাওয়াত পাননি বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা এবং লুইস এনরিকে। কেবল মাত্র বার্সা এবং জাতীয় দল সতীর্থরাই যেতে পেরেছেন মেসির বিয়েতে। একথা ভেবেই হয়তো কোন হতাশা নেই আর্জেন্টাইন সিনিয়র জাদুকরের। তাই রাশিয়ায় বসেই প্রিয় শিষ্যকে শুভ কামনা জানিয়েছেন ম্যারাডোনা।
‘অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি তুমি অনেক স্বাস্থ্যবান বাচ্চার বাবা হবে।’ মেসিকে এভাবেই শুভকামনার সাগরে ভাসালেন আর্জেন্টাইন কিংবদন্তি। সঙ্গে আকারে ইঙ্গিতে জানালেন তাদের মাঝে কোন দূরত্ব নেই, ‘সে জানে আমি তাকে ভালোবাসি।’
দূরত্ব না থাকলেও মেসির বিয়ের দাওয়াত না পেয়ে ম্যারাডোনার হৃদয়ে যে অভিমানের সৃষ্টি হয়েছে সেটির ইঙ্গিত মিলল পরের কথাতেই, ‘মনে হয় তার বিয়ের কার্ডটা আমার বাড়ি অব্দি আসার আগেই হারিয়ে গেছে। কিন্তু এরপরও তার জন্য আমার ভালোবাসা কখনও কমবে না।’








