২০১৮ বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ নিয়ে আজ থেকে মেতে উঠবে সারা দুনিয়া। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে বলিভিয়া-ভেনিজুয়েলা ম্যাচের পাশাপাশি দর্শকদের আকর্ষণের কেন্দ্রে দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬ টায় আর্জেন্টিনার বুয়েনেস আয়ার্সে শুরু হবে সেলেসাও-আলবিসেলেস্তের ফুটবল যুদ্ধ।
প্রথম দুই ম্যাচ শেষে ভালো অবস্থানে নেই দুই জায়ান্ট। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে, সপ্তম স্থানে আর্জেন্টিনা। ইনজুরি-সমস্যা মারাত্মক ভোগাচ্ছে দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।
ইনজুরিতে কাবু পাঁচ গুরুত্বপূর্ণ খেলোয়াড় অধিনায়ক মেসি, অ্যাগুয়েরো, তেভেজ, জাবালেত্তা ও গ্যারাই খেলতে পারছেন না এই ম্যাচ। কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, হার বা জিত, যাই ঘটুক, মেসি’র না থাকাটা অর্জেন্টিনা দলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ।
সাসপেনশন কাটিয়ে আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিল অধিনায়ক নেইমারের প্রথম একাদশে ফেরা সেলেসাওদের জন্য বাড়তি প্রেরণা। তবে কোচ দুঙ্গা’র কথা, শক্তি খর্ব হলেও আর্জেন্টিনা বরাবরই বিপদজ্জনক প্রতিপক্ষ।
২০০৯’র বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনাকে হারানোর স্মৃতি তাদের অনুপ্রেরণা।







