নিজে ইংলিশ প্রিমিয়ার ও স্প্যানিশ লিগে খেলার পর নতুন চ্যালেঞ্জ নিতে এই মৌসুমেই পাড়ি জমিয়েছেন ইতালিতে। তিনি স্পেন ছেড়ে ইতালিতে যাওয়ায় অনেক বিতর্ক হয়েছিল। প্রশ্ন উঠেছিল, কেনো রোনালদো এই কাজ করলেন?
যা নিয়ে লিওনেল মেসি একবার বলেছিলেন, ‘নিশ্চয়ই রোনালদোর বিশেষ কোনো কারণ আছে।’
সেই সিরি অ’তে খেলার জন্য মেসিকে এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার ইতালিয়ান মিডিয়াকে সিআর সেভেন বলেছেন, ‘অনেক হয়েছে, এবার স্পেন থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে খেল।’
পর্তুগিজ তারকার কথায়, ‘আমি চাই, সে একদিন ইতালিতে আসুক। আশা করি, তিনি এখানে(ইতালি) আমার মতো খেলার চ্যালেঞ্জটা গ্রহণ করবেন।’
রোনালদোর মন্তব্যে জোর আলোচনা শুরু হয়েছে ইতালি ও ইউরোপের ফুটবলে। চ্যালেঞ্জ ছুঁড়ে অবশ্য রোনালদো জুড়ে দিয়েছেন, ‘তবে সে যদি স্পেনে খুশি থাকে তো আমি তার সিদ্ধান্তকে সম্মান করি।’
রোনালদোকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কী মেসিকে মিস করেন? রিয়াল মাদ্রিদের সাবেক তারকার সাফ উত্তর, ‘মেসি দারুণ খেলোয়াড়, ভালো মানুষ। তবে আমি তাকে মিস করি না। তবে সে হয়তো আমাকে মিস করে।’
রোনালদোর যুক্তি, ‘আমি ইংল্যান্ড, স্পেন, ইতালি ও পর্তুগালে খেলেছি। মেসি এখনো স্পেনেই খেলছে। আমার মনে হয়, তার আমাকেই বেশি প্রয়োজন। আমার কাছে জীবন একটা চ্যালেঞ্জ। আমি এটা পছন্দ করি এবং মানুষকে খুশি করতে ভালোবাসি।’
রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়া নিয়ে সিআর সেভেন বলেছেন, ‘আমি স্বস্তির জায়গা ছেড়ে এখানে এসেছি। চ্যালেঞ্জটা নিয়েছি। বিশ্বকে দেখিয়ে দিয়েছি, আমি কত ভালো ফুটবলার।’







