যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) কর্তৃক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ফোনে আড়িপাতার ঘটনা চালানো তদন্ত কাজ বাতিল করে দিয়েছে জার্মানি। জার্মান ফেডারেল প্রসিউকিউটর হ্যারল্ড রেঞ্জ বলেছেন, আইনি ব্যবস্থা নেয়ার জন্য এনএসএ যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।
২০১৩ সালে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের গোপন তথ্য প্রকাশিত হওয়ার পর জানা যায়, মের্কেলের ফোনে আড়ি পেতেছিলো যুক্তরাষ্ট্র। ঘটনা জানাজানি হওয়ার পর দু’দেশের সম্পর্কে অল্প সময়ের জন্য হলেও ঠান্ডা অবস্থা বিরাজ করছিলো।
ঘটনার ব্যাপারে হোয়াইট হাউজ থেকে প্রথম দিকে সরাসরি অস্বীকার করা না হলেও পরে বলা হয়, মের্কেলের ফোনে কখনও আড়িপাতা হয়নি, ভবিষ্যতেও হবে না। আর জার্মান চ্যান্সেলর বলেছিলেন, বন্ধুদের মধ্যে গুপ্তচরবৃত্তি কোনোভাবেই মেনে নেয়া যায় না।






