‘মেঘে ঢাকা তারা’ খ্যাত বাংলা চলচ্চিত্রের এক সময়কার দাপুটে অভিনেত্রী সুপ্রিয়া দেবী আর নেই। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
১৯৩৫ সালে জন্ম নেয়া সুপ্রিয়া দেবীর বয়স হয়েছিল ৮৩ বছর। প্রায় ৫০ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করা সুপ্রিয়া দেবীর নাম ছিল কৃষ্ণা, বেণু নামেই পশ্চিম বাংলার চলচ্চিত্রাঙ্গনে বেশি পরিচিত ছিলেন তিনি। ২০০৬ সাল পর্যন্ত অভিনয় করেছেন প্রায় ৪৫টি চলচ্চিত্রে।
২০১৪ সালে বাংলা চলচ্চিত্রে অবদান রাখার জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’তে ভূষিত করেন। এছাড়া তিনি সম্মানিত হয়েছেন ‘বঙ্গভূষণ’ উপাধিতে।
উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়সহ বাংলার প্রায় সব বিখ্যাত নায়কের সাথে জুটি বেঁধে দাপটের সঙ্গে একসময় পর্দা কাঁপিয়ে গেছেন সুপ্রিয়া দেবী। ঋত্বিক কুমার ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ ছাড়াও তাঁর অভিনীত বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে আছে চৌরঙ্গী, সন্যাসী রাজা, যদি জানতেম এবং দেবদাস।
সুপ্রিয়া দেবীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগৎ হারালো আরও এক উজ্জ্বল নক্ষত্রকে। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনের সকলে শোকার্ত।







