‘মুস্তাফিজ অনেক প্রতিভাবান একজন বোলার। কিংবদন্তি বোলার হওয়ার মত সব উপাদানই তার ভেতর রয়েছে।’
বাংলাদেশের উদীয়মান এ বোলারকে নিয়ে এমনই মন্তব্য করেছেন এক সময়ের বিশ্বসেরা শ্রীলঙ্কান স্পিনার ও সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন।
সম্প্রতি কলকাতায় ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আয়োজিত ‘ভিশন ২০২০’ অনুষ্ঠানে মুস্তাফিজ সম্পর্কে তিনি এমন মন্তব্য করেন।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের স্পিন বোলিং কোচের দায়িত্বের সুবাদে খুব কাছ থেকেই মুস্তাফিজকে দেখেছেন তিনি। মুস্তাফিজের অসাধারণ পারফরম্যান্সেও মুগ্ধ সাবেক এই অফ স্পিনার। তবে মুস্তাফিজের ইনজুরি ভাবাচ্ছে এই লঙ্কান বোলিং লিজেন্ডকে।
মুরালিধরন বলেন, ‘বহু সম্ভবনাময়ী বোলাররা ইনজুরির কারণে ক্যারিয়ারের মাঝপথ থেকে ছিটকে গিয়েছেন। খুব কম সংখ্যক পেস বোলাররাই নিজেদের ক্যারিয়ার দীর্ঘ করতে পেরেছেন। ইনজুরির সঙ্গে পেস বোলারদের সম্পর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। মুস্তাফিজও এর বাইরে নয়।’ 
তিনি আরো যোগ করে বলেন, ‘মুস্তাফিজের কিছুটা ইনজুরি প্রবণতা রয়েছে। এটি তার ক্যারিয়ারকে ভাবিয়ে তুলছে। যদি এই ইনজুরিকে সে জয় করতে পারে তাহলে অবশ্যই সে বিশ্ব ছড়ি ঘোরাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তার যত্ন নেয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত।’
প্রথম মৌসুমেই আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে ১৭ উইকেট দখল করে জিতে নিয়েছেন উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পাশাপাশি দলকে জিতিয়েছেন প্রথমবারের মত আইপিএল শিরোপা।








