মুসলিম ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনী লড়াইয়ে হাওয়াইয়ের সঙ্গে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের আরো তিনটি অঙ্গরাজ্য।
এর আগে ৬ মার্চ ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ৯০ দিনের নিষেধাজ্ঞার আদেশে সেই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
প্রথমেই এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেয় হাওয়াই। এরপর তার সঙ্গে যুক্ত হয় আরো তিনটি মার্কিন অঙ্গরাজ্য ম্যাসাচুসেটস, ওরেগন ও ওয়াশিংটন। ওয়াশিংটনের বক্তব্য এই নিষেধাজ্ঞা পুরো রাজ্যের জন্যই ক্ষতিকর হবে।
১৫ মার্চ এই নিষেধাজ্ঞার বিষয়ে আদালতে একটি আদেশ হওয়ার কথা রয়েছে, আর হোয়াইট হাউজ আত্মবিশ্বাসী যে আদেশ তাদের পক্ষেই যাবে। তারপর ১৬ মার্চ থেকে নিষেধাজ্ঞা জারি হওয়ার কথা।
নিষেধাজ্ঞার বিষয়ে ওরেগন রাজ্যের বক্তব্য, এই আদেশ এলাকার বাসিন্দা, চাকরিজীবী এবং বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা অনেক বেশি ক্ষতিগ্রস্থ করবে। হওয়াই অঙ্গরাজ্যের বক্তব্য, এটা মুসলিম জনগোষ্ঠী, টুরিজম ও বিদেশী শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্থ করবে।
এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সোমালিয়া, ইরান, সিরিয়া, সুদান, লিবিয়া ও ইয়েমেনের নাগরিকদের নতুন ভিসা প্রদান করা হবে না। এমনকি সব ধরনের শরণার্থীকেও সাময়িকভাবে বাধা দেয়া হবে।
তবে প্রথম দফার নির্বাহী আদেশে ইরাকের নাম থাকলেও দ্বিতীয় দফায় সেটি বাদ দিয়ে ছয়টি দেশের কথা বলা হয়েছে।
গত জানুয়ারিতে নিষেধাজ্ঞা বিষয়ে প্রথম আদেশটিতে সই করেন ট্রাম্প। প্রথম দফার নির্বাহী আদেশের পর বেশ প্রতিবাদ শুরু হয়। আদালতে মামলা করে হাওয়াই অঙ্গরাজ্য। তবে আগেই মামলাটি স্থগিত হয়ে যায়।








