সংস্কার কাজ শেষ হলেও এখনো ম্যাচ খেলার উপযোগী হয়নি শের-ই-বাংলা স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের মধ্যে ম্যাচ অনুশীলন সেরে নিতে তাই চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল। বন্দরনগরীতে টাইগারদের ক্যাম্প হবে সাত দিনের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৬, ৭ আগস্ট টানা তিনদিনের অনুশীলনের পর একদিন বিশ্রাম। সাগরিকার পাড়ে ৯-১১ আগস্ট তিনদিনের ম্যাচ খেলে ১২ আগস্ট ঢাকায় ফিরবেন জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজের প্রস্তুতির জন্য প্রাথমিক দলে থাকা ২৯ ক্রিকেটারের মধ্যে ক্যাম্পে থাকবেন না কেবল সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গেছেন এ দুই ক্রিকেটার।
ক্যাম্পের চট্টগ্রাম পর্বে অংশ নিতে ৪ আগস্ট বিকেলে বিমানযোগে চট্টগ্রাম যাবেন ক্রিকেটাররা। শনিবার সকাল থেকে শুরু হবে অনুশীলন।
চট্টগ্রামের ক্যাম্প নিয়ে বাংলাদেশের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বললেন, ‘প্রথমদিন কঠোর অনুশীলন হবে। দ্বিতীয় দিন ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করব আমরা। তৃতীয় দিন মাঝারি অনুশীলন। একদিন বিরতি দিয়ে তিনদিনের ম্যাচ।’
বুধবার ঢাকা পর্বের স্কিল ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেছে বিসিবি। বৃহস্পতিবার বিশ্রামে কাটাবেন মুশফিক-তামিমরা। শুক্রবার চলে যাবেন চট্টগ্রামে। ঢাকায় ফিরে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন টাইগাররা।







