প্রয়াত অস্কারজয়ী কমেডিয়ান রবিন উইলিয়ামস অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘বুলেভার্ড’ মুক্তি পাচ্ছে জুলাইয়ের ১০ তারিখে। এই ছবিতেই তার কণ্ঠ পুরো বিশ্ব শেষবারের জন্য শুনতে পাবে।
ডিটো মন্টিল পরিচালিত এই চলচ্চিত্রে রবিন অভিনয় করেছিলেন একজন ব্যাংককর্মীর চরিত্রে। চরিত্রটি ছাব্বিশ বছরের একঘেয়ে জীবনে ক্লান্ত হয়ে পড়েছিলেন। একসময় তার সঙ্গে দেখা হয় ‘লিও’ নামের এক এলোমেলো যুবকের সঙ্গে। লিওর সংস্পর্শে এসে ব্যাংককর্মী নোলানের জীবন এবং জীবনের মানেটাই পাল্টে যায়। লিওর ভূমিকায় অভিনয় করেছেন রবার্তো অ্যাগুয়ার।
সম্প্রতি এই চলচ্চিত্রের দেড় মিনিটের একটি ট্রেলার বের হয়েছে। ট্রেলারে দেখা যায় কর্মী নোলানের জীবনের ক্লান্তি, তার সঙ্গে লিওর দেখা হওয়া এবং নোলানের জীবন বদলের ঝলক। ট্রেলারের শেষে নোলান-রূপী রবিনের সংলাপ— ‘দিস ইজ দ্য ফার্স্ট টাইম টু বি ইন দ্য রিয়াল ওয়ার্ল্ড।
গত বছরের আগস্টে হতাশার কারণে আত্মহত্যা করেন রবিন উইলিয়ামস। বাস্তবে হয়তো কোনো লিওর দেখা পাননি তিনি।







