প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, এটাই আমরা চাই। গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, নড়াইল ও গাজীপুরে অসচ্ছ্বল বীর মুক্তিযোদ্ধাদের ৫ হাজার ঘর হস্তান্তর কালে তিনি এ কথা বলেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বীর নিবাস’ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ওপর আর যেন কারো কালো থাবা না পড়ে, সেদিকে সবার সজাগ ও সতর্ক থাকতে হবে। একটা সময় ছিল, যখন মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া কঠিন ছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে ফেলার চেষ্টা চলেছে। আমরা এসে তাদের মর্যাদা দিয়েছি। আমরা চাই, যারা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছেন, তারা যে দলেরই হোক না কেন, মর্যাদা পাক।
মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা বিষয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করেছি। ন্যূনতম ভাতা এখন ২০ হাজার টাকা করেছি। বীর মুক্তিযোদ্ধারা মানবেতর জীবনযাপন করবে, রিকশা চালাবে, আমি বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় থাকতে সেটা হবে না। আমরা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ঘর করে দিচ্ছি। ডিজিটাল পদ্ধতিতে তাদের কাছে ভাতা পৌঁছে দিচ্ছি। আমরা চাই, বেঁচে থাকা বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবার যেন মর্যাদা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।
বীর মুক্তিযোদ্ধা, মিত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারকেও সম্মাননা দেওয়া হয়েছে বলে জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা এরইমধ্যে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন করেছি। রূপকল্প ২০২১ বাস্তবায়ন করেছি। উন্নয়নশীল বাংলাদেশের মর্যাদা পেয়েছি। ৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বো।
সাম্প্রতিক সময়ের বৈশ্বিক মন্দার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ-পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, যার যে জায়গা আছে ফসল উৎপাদন করতে হবে।
এ বছর ৩০ হাজার বীর নিবাস তৈরি করে দেওয়া হবে জানিয়েছেন তিনি।








