মিয়ানমানের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির হাতে অপহরণের পর আটক বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র নায়েক আব্দুর রাজ্জাককে নিয়ে এই কয়েকদিন আগেও উৎকণ্ঠায় ছিলো সারাদেশ। নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিনানমারের সাথে চলেছে বেশ কয়েক দফা দেন-দরবার। রাজ্জাককে ফিরিয়ে আনতে অনেক কাঠখড় পোড়াতে হলেও মিয়ানমার বিজিপির নির্মমতার জবাবে মানবতা আর পেশাদারিত্বের এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বান্দরবানের দুর্গম এলাকায় বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে জঙ্গল থেকে মিয়ানমারের দুই নাগরিককে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং তাদেরকে সন্ত্রাসীরা অপহরণ করে বাংলাদেশের সীমান্তে এলাকায় আটকে রাখে।
যৌথ বাহিনীর অভিযান শুরু হলে তাদের ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলেও তারা জানায়। দু’জনের মধ্যে একজন অসুস্থ থাকায় তাকে উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছে বিজিবি। মিয়ানমানকে প্রতিবেশী-বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে তাদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমারকে অনুরোধ জানিয়েছে বিজিবি।
বুধবার বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন বিজিবি’র উপ মহাপরিচালক খোন্দকার ফরিদ হাসান।
খোন্দকার ফরিদ হাসান জানান, চতুর্থ দফায় গত ৫ জুলাই থেকে ১৪ জুলাই বান্দরবানের বলিপাড়া ও আলীকদম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মিয়ানমারের ওই দুই নাগরিককে উদ্ধার করা হয়। নিজেদের মিয়ানমার সেনাবাহিনীর সদস্য বলে জানান তারা। এদের মধ্যে একজন অসুস্থ থাকায় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে, বর্তমানে দুইজনই সুস্থ আছে।
মিয়ানমারের ওই দুই সদস্যকে দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নিতে মিয়ানমারের বিজিপিকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলেও জানান বিজিবি’র উপ মহাপরিচালক।







