শতরানের জুটি ভাঙার পর আরও এক সাফল্য পান মেহেদী হাসান মিরাজ। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির পর দ্রুত ২ উইকেট তুলে পাকিস্তানকে চাপে ফেলে বাংলাদেশ। দলীয় দেড়শ পেরিয়ে যাওয়ার পর আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। দু্ইবার ক্যাচ মিসে জীবন পাওয়া সৌদ শাকিলকে বোল্ড করেন। আউট হওয়ার আগে করেন ১৬ রান।
শান মাসুদকে (৫৭) এলবিডব্লিউ করে ১০৭ রানের জুটি ভাঙেন মিরাজ। ফিফটি করা আরেক ব্যাটার সাইম আইয়ুবকে (৫৮) ফেরান এ অফস্পিনার।
দেড়শর আগে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান।
১৪ মাস পর টেস্ট খেলতে নেমে নিজের প্রথম ওভারেই সাফল্য পান তাসকিন আহমেদ। পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে ওভারের শেষ বলে বোল্ড করেন ঢাকা এক্সপ্রেস। স্বাগতিকদের স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই সাফল্য পায় বাংলাদেশ।
প্রথম সেশনে খেলা হয় ২৫ ওভার। ১ উইকেটে পাকিস্তান তোলে ৯৯ রান। সাকিব আল হাসান বিরতির আগের ওভারে বল হাতে নেন। দিনের শুরুতে বাংলাদেশ সাফল্য পেলেও জুটি গড়ে প্রথম সেশন নিজেদের করে নেয় পাকিস্তান।
২৩ বছর অপেক্ষার পর পাকিস্তানকে টেস্টে হারাতে পেরেছে বাংলাদেশ। তাদের ঘরের মাঠে ১০ উইকেটে বড় জয় পেয়ে লাল-সবুজ দল। এবার সিরিজ জেতার মিশন বাংলাদেশের।








