ক্রিকেট

মিরাজের স্বপ্ন বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের পাশে ফিল্ডার দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের পাশে ফিল্ডার দাঁড়িয়ে, খেলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তান সফরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স মেহেদী হাসান মিরাজের স্বপ্নের সীমানা বাড়িয়ে দিয়েছে অনেক। সবশেষ সিরিজে অলরাউন্ড নৈপুণ্যে টেস্টের সাত নম্বরে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার। তিনে রয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্নটা হাতের নাগালে আসবে যদি মিরাজ ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে পারেন।

পাকিস্তানে টেস্ট সিরিজে ইতিহাস গড়ে ফেরার পর সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। জানান নিজের স্বপ্নের কথা। যেটি নাগাল পেতে হলে আরও পরিশ্রম করতে হবে, এমনটা জানান তারকা অলরাউন্ডার।

মিরাজের মাঝে সাকিবের ছায়া দেখা গিয়েছিল আগেই। বোলিংয়ে বরাবরই দুর্দান্ত হলেও ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারেননি। যে কারণে পিছিয়ে পড়তে হয়েছে। তবে এখন ব্যাটিংটা ভালো হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন।

রাওয়ালপিন্ডিতে দুই টেস্টেই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মিরাজ। বোলিংয়েও প্রভাব বিস্তার করেন। সব মিলিয়ে দুই ইনিংসে ১৫৫ রান ও বল হাতে ১০ উইকেট নিয়ে পান সিরিজ সেরার পুরস্কার।

এখান থেকে আর পেছনে তাকাতে চান না মিরাজ। ধাপে ধাপে সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করে পেতে চান বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের মুকুট। যেটি এখন রবিচন্দন অশ্বিনের মাথায়।

‘একটা দলে যদি দুজন অলরাউন্ডার খেলে, দলের জন্য অনেক সুবিধা থাকে। যেহেতু আমার ব্যাটিংটা এখন ভালো হচ্ছে… শুরুর দিকে আমার ব্যাটিংটা সেভাবে পায়নি দল। আমি বোলার হিসেবে খেলেছি। এখন অবদান রাখছি, খুব ভালো লাগছে।

‘বিশ্বসেরা অলরাউন্ডার হতে অনুশীলন করতে হবে, কষ্ট করতে হবে। এটা এক-দুই বছরে সম্ভব না। লম্বা সময় ধরে ভালো খেলতে হবে। এখন যেভাবে চলছে এটা যদি লম্বা সময় ধরে রাখতে পারি, তাহলে আশা করি একদিন বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারব।’

বিষয়:বাংলাদেশ মেহেদী হাসান মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…