ক্রিকেট

মিরপুরে মেয়েদের অনুশীলন ফেরানোর চেষ্টা

মেয়েদের ক্রিকেট অনুশীলনে অংশ নেওয়া খেলোয়াড়রা মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশ নিচ্ছেন, সবাই মাস্ক পরেছেন, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

লকডাউন উঠে যাওয়ার পর ব্যক্তিগত অনুশীলনে ছেলেদের সমান সুযোগ পেয়ে আসছিলেন মেয়েরা। মিরপুরসহ বিভাগীয় স্টেডিয়ামগুলোতে জাতীয় দলের সব ক্রিকেটারই করেছেন সিডিউল অনুযায়ী অনুশীলন। ঢাকায় যারা অনুশীলন করে যাচ্ছিলেন তারা এখন পড়েছেন কিছুটা বিপাকে।

২০ সেপ্টেম্বর থেকে মুমিনুল-মুশফিকদের ক্যাম্প বায়ো সিকিউর বাবলের (জৈব সুরক্ষার বলয়) মধ্যে পরিচালিত হওয়ায় জাহানারা-নাহিদা-শামীমাদের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি নেই।

টাইগাররা শ্রীলঙ্কা সফরে গেলে আবার অনুশীলনে ফিরতে পারতেন মেয়েরা। কিন্তু সফর স্থগিত হয়ে যাওয়ায় প্রাথমিক দলের ২৭ ক্রিকেটারকে নিয়ে ১ অক্টোবর থেকে ১৫ দিনের ক্যাম্প করবে বিসিবি। এবারও তারা থাকবেন সুরক্ষা বলয়ে।

মাঠে অনুশীলন কার্যক্রম শুরুর পর প্রায় চার সপ্তাহ সেটি বন্ধ রাখলে ফিটনেসে নেতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করেন উইমেনস উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, অনুশীলন চালু করা যায় কিনা এ ব্যাপারে ভাবছেন তারা।

তৌহিদ মাহমুদ বলেন, ‘আমরা চেষ্টা করছি মেয়েদের ব্যক্তিগত অনুশীলন ফেরানোর। এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে যোগাযোগ করছি। বিসিবির মেডিকেল বিভাগ থেকেও দেখি কী গাইডলাইন দেওয়া হয়। সমস্যা যেটি হয়, সেটি জিম ব্যবহারে। যেহেতু ছেলেদেরও সেটি ব্যবহার করতে হয়।’

“তবে আমরা আশাবাদী স্টেডিয়ামে অনুশীলন ফেরানো সম্ভব হবে। কেননা ঢাকায় অবস্থান করছেন মাত্র চার-পাঁচজন ক্রিকেটার। ঢাকার বাইরে যারা আছে তারা কিন্তু অনুশীলন করে যাচ্ছে।”

বিষয়:অনুশীলন নারী ক্রিকেট দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…