মিথ্যাচারের জন্য আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, প্রধান বিচারপতি ক্যান্সার আক্রান্ত বলে দেশবাসীকে জানিয়েছিলেন আইনমন্ত্রী। বলেছিলেন, কোন চাপ প্রয়োগ করে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়নি। তিনি ক্যান্সারসহ নানাবিধ রোগে আক্রান্ত। তার বিশ্রামের প্রয়োজন। এজন্য তিনি এক মাসের ছুটি চেয়েছেন। কিন্তু বিদেশ যাওয়ার প্রাক্কালে প্রধান বিচারপতি নিজেই সাংবাদিকদের বলেছেন, তিনি সম্পূর্ণ সুস্থ। এমন মিথ্যাচারের অভিযোগে আমরা আইনমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হল মিলনায়তনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত ‘বিচার বিভাগ ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
সভায় গয়েশ্বর রায় বলেন, দেশের মানুষের সর্বশেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। দেশের যে কোন সংকটের সমাধানের প্রধান উৎসস্থল বিচার বিভাগ। আজ বিচার বিভাগকে পুরোপুরি কুক্ষিগত করতেই সরকার প্রধান বিচারপতিতে জোর করে দেশত্যাগে বাধ্য করেছে। প্রধান বিচারপতিকে নিয়ে যতো নাটকই হোক না কেন, দেশের মানুষ সবই বোঝে। প্রধান বিচারপতি দেশের বাইরে যাওয়ার আগে নিজেই আসল কথা বলে দিয়েছেন।
তিনি বলেন, বিচার বিভাগ পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে চলে গেলে দেশের চলমান সংকেটর আর উত্তরণ ঘটবে না। তাই দেশ ও দেশের মানুষের স্বার্থেই যে কোন মূল্যে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে হবে।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ সভাপতি শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, সাবেক এমপি ফাহিমা হোসাইন জুবিল প্রমুখ।







