‘মিতা নূর, তাজিন আমাদের ছেড়ে গেছে, এখন চলে গেলো হিমু…’
হুমায়রা হিমুকে হারিয়ে অভিনেত্রী তানভীন সুইটির স্মৃতিচারণ

তিনজন নারী বন্ধু হাসিমুখে ছবি তুলেছেন, একে অপরের পাশে দাঁড়িয়ে, চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
বৃহস্পতিবার বিকেলে ছোটপর্দার তারকা অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন হিমু। অভিনেত্রীর মৃত্যু রহস্য উদঘাটনে চলছে তদন্ত। এরইমধ্যে শুক্রবার রাতে লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন অভিনেত্রী।
তার মৃত্যুতে দু’দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের মাতম। সহকর্মী অভিনয়শিল্পী থেকে শুরু করে শুভাকাঙ্খিরাও হিমুর জন্য শোক জানাচ্ছেন। শুক্রবার রাতে তাকে নিয়ে ফেসবুকে লিখেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি।
‘হিমু অনেক দোয়া রইলো তোর জন্য’ শিরোনামে লেখা পোস্টে সুইটি স্মরণ করলেন হিমুর অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকের কথা। সুইটি লিখেছেন,“মিডিয়াতে যখন প্রথম এলো হিমু, আমার প্রোডাকশন হাউস শঙ্খনীল থেকে সিরিজ নাটক বানিয়েছিলাম, তাহের শিপন ছিলো ডিরেক্টর। সেখানে হিমুকে নিলাম খুব সুন্দর একটা চরিত্রে। ভীষণ ভালো অভিনয় করেছিলো। খুব সুন্দর ছিলো দেখতে। আমার শ্বশুরবাড়ির পাশেই ওদের গ্রামের বাড়ি, চাঁদপুর। লক্ষ্মীপুর হিমুর নানা বাড়ি। তার জন্য একটু বেশিই আদর করতাম ওকে। সবসময় ওর মা কে নিয়ে আসতো শুটিংয়ে।”
“তারপর যেন সময় কীভাবে চলে গেলো, আসলে জীবনযুদ্ধে সবাই ব্যস্ত হয়ে যায় সমাজে। যার যার জায়গাটা তাঁকেই করে নিতে হয়। তবে অবশ্যই জায়গাটা হতে হবে সুন্দর এবং বুদ্ধি নিয়ে পাঁ ফেলতে হবে। কাল থেকে বার বার মনে হয়েছে… কী লিখবো বা বলবো ওর কথা বা কী বলা উচিত?”
সুইটি আরো লিখেন,“ভাবছিলাম…মিতা নূর,তাজিন আমাদের ছেড়ে গেছে, এখন চলে গেলো হিমু…. এভাবে চলে যাওয়া কোনভাবেই মেনে নেওয়া যায় না।”
এসময় সুইটি সবার উদ্দেশে লিখেন,“আমি সকলের উদ্দেশে বলছি, জীবন অনেক সুন্দর, এই সুন্দর জীবনটা কে নষ্ট না করে, সুন্দরভাবে সাজান। বিষন্নতাকে মন থেকে ঝেড়ে ফেলুন। হিমু’র বিদেহী আত্নার শান্তি কামনা করছি।”
ঢাকা/এমটিএল






