খুলনা টাইগার্সের ইনিংসের একাদশতম ওভারে মেহেদী হাসানের ঝুলিয়ে দেওয়া বলটি কাভারের ওপর দিয়ে সীমানা পার করতে চেয়েছিলেন রাইলি রুশো। বাঁ-দিকে ঝাপিয়ে ক্যাচ নিতে গিয়ে তালুতে চোট পাওয়া মাশরাফী বিন মোর্ত্তজার অন্তত ১৪টি সেলাই পড়েছে।

ম্যাচ শেষে ঢাকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান এনামুল বিজয় সংবাদ সম্মেলনে এসে জানান, ক্যাপ্টেনের হাতে দশটিরও বেশি সেলাই পড়েছে। পরে দলটির ম্যানেজার নিশ্চিত করেন সেলাই পড়েছে মোট ১৪টি।

ঝাঁপিয়ে পড়ে দ্রুতগতির বলটি তালুবন্দি করতে চেয়েছিলেন। কিন্তু তার মুঠো গলে বেরিয়ে যায়। চোট পেয়ে কিছুক্ষণ মাঠেই শুয়ে থাকেন মাশরাফী। রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে যান মাঠের বাইরে।
বিজয় জানান, বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝামাঝি জায়গায় কেটেছে মাশরাফীর।








