সিলেট থেকে: ২০০১ সালের ৮ নভেম্বর প্রথমবার টেস্ট ক্যাপ মাথায় পড়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। বুধবার পূর্ণ হল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৬ বছর। বিশেষ দিনে অল্প কথায় মাশরাফী জানালেন নিজের অনুভূতির কথা। চোটজর্জর ক্যারিয়ারে এখনও খেলে যেতে পেরেই খুশি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
‘গল্প-আনন্দ বেশি ছিল। অবশ্যই ভেতরে অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল। ১৬ বছর পার করতে অনেক কষ্ট হয়েছে। স্পেশালি আমার উপর দিয়ে যে ধকলগুলো গেছে তা অনেক কঠিন ছিল। এ কারণেই খুশি যে খেলতে পেরেছি, খেলে যাচ্ছি। আর সবাইকে ধন্যবাদ যারা দোয়া করেছে, করছেন।’
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম দিয়ে শুরু। এরপর খেলেছেন দেশ-বিদেশের কত মাঠে। ১৬ বছর পূর্ণের দিনে মাশরাফী সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেললেন বিপিএলের ম্যাচ। ভাল তো লাগছেই, মাশরাফী তাকিয়ে আরও অনেকদূর, যতদূর টেনে নেওয়া যায় ক্যারিয়ার।
‘সকাল পর্যন্ত জানতাম না হতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পেরেছি। যেটা হয় আরকি। তার আগ পর্যন্ত মাথায় ছিল না। অবশ্যই নিজের কাছে ভাল লাগছে। ১৬ বছর হল, দেখা যাক, কতদূর যায়।’
বিশেষ দিনে মাঠের অভিজ্ঞতা ভাল হয়নি মাশরাফীর। চিটাগং ভাইকিংসের পেসার শুভাশিষ রায়ের বাজে আচরণের শিকার হয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক। হেরেছেন ম্যাচটাও।







