মাশরাফীর বুকে এক্স-রে করানোর পরামর্শ

A man in a white t-shirt with a palm tree graphic, wearing a blue face mask, sitting on a brown sofa. Channel i News – চ্যানেল আই নিউজ
খেলার মাঠে চোট ছিল নিত্য সঙ্গী। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে হাঁটুর লিগামেন্ট, হাতের তালু ও আঙুলে আঘাত পেয়ে অসংখ্যবার যেতে হয়েছে ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে। এবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মাশরাফী বিন মোর্ত্তজাকে দিতে হচ্ছে নানা ধরনের পরীক্ষা।
বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফীকে বুকে এক্স-রে করাতে বলেছেন চিকিৎসক। পরামর্শ অনুযায়ী রাজধানীর একটি হাসপাতালে গিয়ে এক্স-রে করাবেন টাইগার তারকা।
মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা জানান, ‘ডাক্তার বলেছে বুকের এক্স-রে করাতে। করোনা শনাক্ত হওয়ার দুইদিন পর নাকি অনেকেরই করাতে হয়। ফলোআপের জন্য নাকি এটি প্রয়োজন। চিকিৎসকের কথা অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। চিন্তার কিছু নেই। মাশরাফী ভাই স্থিতিশীল অবস্থায় আছেন।’
তিন-চার দিন ধরে সামান্য সর্দি-জ্বরে ভুগছিলেন মাশরাফী। গত শুক্রবার করোনা পরীক্ষা করতে দেয়ার পর শনিবার রিপোর্ট পজিটিভ আসে।
মাশরাফী অ্যাজমার রোগী হওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যে কারণে বুকে টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।






