আন্তর্জাতিক

মালিতে এক বাংলাদেশী শান্তিরক্ষী নিহত

মালিতে এক বাংলাদেশী শান্তিরক্ষী নিহত

আফ্রিকার দেশ মালির বামাকোতে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী শান্তিরক্ষী সিপাহী নীল কন্ঠ হাজং নিহত হয়েছেন।

আহত হয়েছেন অপর এক বাংলাদেশী শান্তিরক্ষী সিপাহী সিরাজুল ইসলাম। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এ খবর নিশ্চিত করেছে।

আহত সিরাজুল ইসলাম বামাকোর লেভেল টু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার রাতে মালির রাজধানী বামাকোতে বাংলাদেশ ট্রান্সপোর্ট কন্টিনজেন্ট এর একটি জিপে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা গুলি চালালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত দুই বাংলাদেশী শান্তিরক্ষী গুলিবিদ্ধ হন।

তারা বামকোর এয়ারপোর্ট থেকে শহরের দক্ষিণে যাচ্ছিলেন। হামলাকারীদের তারা চিহ্নিত করতে পারেননি।

জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলাকে শান্তি প্রতিষ্ঠার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে দেখছে মালি।

২০১৩ সাল থেকে জাতিসংঘের ৪০ জন শান্তিকর্মী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

বিষয়:নিহত মালি শান্তিরক্ষী সেনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…