যুক্তরাষ্ট্রে স্কুল-কলেজে রক্তাক্ত অধ্যায়ের সর্বশেষ সংযোজন ওরেগন হত্যাকাণ্ড। এলোপাতাড়ি গুলি চালিয়ে মানুষ হত্যার পরিসংখ্যান তুলে ধরা সংস্থা ‘ম্যাস শুটিং ট্রাকার’ এর তথ্যানুযায়ী ২০১২ সালের স্যান্ডি হুক হত্যাকাণ্ডের পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৪২টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
আর সব মিলিয়ে ২০১৫ সালেই নির্বিচারে গুলি চালানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। এ বছরের ২৭৪ দিনে যুক্তরাষ্ট্র জুড়ে ২৯৪ টি এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এসব হামলার মধ্যে ৪৫ টি সংঘটিত হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।
এসব ঘটনার জন্য আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতাকে দায়ী করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় বারবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্তাক্ত হচ্ছে। হত্যাকাণ্ডের পর মার্কিন গণমাধ্যমের কাছে হোয়াইট হাউস সেক্রেটারি জশ আর্নেস্ট জানান, অস্ত্র নিয়ন্ত্রণে ওবামা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে বিষয়টিকে আইনি ভিত্তি দিতে সাধারণ মার্কিনীদের সমর্থন প্রয়োজন হলেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি।
ওরেগনের কলেজে এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহতের ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। গত ডিসেম্বরে ঢিলে-ঢালা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের জন্য ওরেগন রাজ্যকে ডি-প্লাস রেটিং দিয়েছিলো যুক্তরাষ্ট্রের ল সেন্টার।







