মার্কিন কালো তালিকায় মেক্সিকোর বিশ্বকাপ তারকা

পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে আলাদাভাবেই নজর কেড়েছেন রাফায়েল মারকুয়েজ। আসর চলাকালীন সময়ে খেলার বাইরের একটি কারণেও শিরোনাম হলেন মেক্সিকান এ ফুটবল তারকা। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের কালো তালিকাভুক্ত করা হয়েছে ৩৯ বছর বয়সী মারকুয়েজকে!
মেক্সিকান মাদক ব্যবসায়ীদের সঙ্গে মারকুয়েজের যোগসাজশ থাকার অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন। নিজের খ্যাতি ব্যবহার করে ড্রাগ লর্ডদের অর্থপাচার করে থাকেন সাবেক বার্সা তারকা, মার্কিনীদের অভিযোগের তীর এমনই।
অনুশীলনে সতীর্থদের মতো একই রকম পোশাক পরেন না মারকুয়েজ। পান করেন না নির্ধারিত ব্র্যান্ডের বোতলের পানিও। তার জন্য সবকিছুই আলাদাভাবে বরাদ্দ। মার্কিন ট্রেজারির দাবি এসবই ড্রাগ কার্টেলের মধ্যস্থতায় ব্যবস্থা করা।
গত বছরের আগস্ট থেকে মার্কিনীদের নজরে ছিলেন মারকুয়েজ। এফবিআইয়ের অন্যতম কালো তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রাউল ফ্লোরেস হার্নান্দেজের সঙ্গে তার যোগাযোগের প্রমাণ হাতে আছে বলে দাবি সংস্থাটির। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি মেক্সিকান ফুটবল ফেডারেশন।






