স্পোর্টস

মারেকে ছাড়াই কোর্টে গড়াচ্ছে ইউএস ওপেন

টেনিস খেলোয়াড় ও কোচ প্রস্তুতি নিচ্ছেন ইউএস ওপেনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় ও কোচ ইউএস ওপেনের প্রস্তুতি নিচ্ছেন, মাঠে ব্যস্ত সময় পার করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাছোড়বান্দা ব্যাকপেইন জ্বালাচ্ছিল অনেকদিন থেকেই। শেষ পর্যন্ত আর পেরে উঠতে পারলেন না অ্যান্ডি মারে। চলতি বছরের শেষ গ্র্যান্ডস্লাম থেকে নামই প্রত্যাহার করে নিয়েছেন এই ব্রিটিশ তারকা। তাকে ছাড়াই সোমবার কোর্টে গড়াচ্ছে ইউএস ওপেন।

মারে না থাকায় ব্রিটিশদের হয়ে মার্কিনমুলুকে পতাকা ওড়াবার দায়িত্বটা থাকছে নারীদের সপ্তম বাছাই জোয়ানা কন্তার ঘাড়ে। তবে কাজটা সহজ হবে না ব্রিটিশ কন্যার জন্য। সেরেনা উইলিয়ামস না থাকায় এমনিতেই উন্মুক্ত হয়ে পড়েছে মেয়েদের ওপেন টেনিস, সঙ্গে তালিকায় যুক্ত হয়েছে মারিয়া শারাপোভা নামটি।

ডোপ পাপে পাপী হয়ে ১৫ মাস টেনিস থেকে বিতাড়িত থাকার পর এই প্রথম কোনও গ্র্যান্ডস্লাম খেলতে চলেছেন রাশিয়ান গ্ল্যামার কন্যা। আর প্রথম রাউন্ডেই প্রতিপক্ষ হিসেবে শারাপোভা পাচ্ছেন দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে। রোঁলা গারোঁ জয়ী ফরাসী তারকা গারবিনে মুগুরুজাও প্রস্তুত কোর্ট মাতাতে। সঙ্গে ভেনাস উইলিয়ামস, ক্যারোলিন ওজনিয়াকিরা তো আছেনই।

মারে না থাকলেও পুরুষদের কোর্ট রঙ হারাচ্ছে না এতটুকুও। পাঁচবারের ইউএস জয়ী কিংবদন্তি রজার ফেদেরার দুর্দান্ত ফর্মে। তার এবার ভালো সুযোগ থাকছে ২০০৮ সালের পর হার্ড-কোর্টের শিরোপা ঘরে তোলার। বর্তমান শিরোপা জয়ী স্বদেশী স্তানিলাস ভাভরিঙ্কাকেই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ মানছেন ১৯টি শিরোপা জয়ী সুইস কিংবদন্তি।

এবারের ইউএস ওপেন কঠিন পরীক্ষা নিতে চলেছে নোভাক জোকোভিচেরও। ফর্মের সঙ্গে যুঝতে থাকা জোকো নিজের অস্তিত্বটা আবার নতুন করে জানিয়ে দিতে পারেন ইউএস ওপেন জিতেই। শীর্ষ বাছাই রাফায়েল নাদাল, মিলোস রাওনিক, কেই নিশিকোরিরাও আছেন প্রস্তুত হয়ে।

বিষয়:ইউএস ওপেন ২০১৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…