বিনোদন

মারা গেছেন ‘সূর্যদীঘল বাড়ী’র চিত্রগ্রাহক আনোয়ার হোসেন

‘ইন্টারন্যাশনাল স্যালন ২০১৮’-এর বিচারক হিসেবে ক’দিন আগেই আনোয়ার হোসেন ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছিলেন

মারা গেছেন ‘সূর্যদীঘল বাড়ী’র চিত্রগ্রাহক আনোয়ার হোসেন

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেন মারা গেছেন। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ফোনিক্স ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট সৈয়দ সাখাওয়াত কামাল।

এই মুহূর্তে ‘সূর্যদীঘল বাড়ি’ খ্যাত শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনের মৃতদেহের পাশে আছেন কামাল।

তিনি জানান, ফোনিক্স ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ‘ইন্টারনেশনাল স্যালন ২০১৮’-এর বিচারক হিসেবে ক’দিন আগেই আনোয়ার হোসেন ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছিলেন। ‘ইন্টারনেশনাল স্যালন ২০১৮’-এর বিচার কার্যের আজকেই শেষ দিন ছিলো। আর এদিনই তার মৃত্যুর সংবাদ পান তারা।

প্রাথমিক ভাবে হৃদরোগে মৃত্যু হয়েছে বলেই ধারণা করছেন তারা।

সিনেমাটোগ্রাফার হিসেবে খ্যাতি থাকলেও বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন আলোকচিত্রীও ছিলেন আনোয়ার হোসেন। বেশকিছু দিন ধরেই পরিবারসহ তিনি প্যারিসে থাকতেন।

‘সূর্যদীঘল বাড়ী’ ছাড়াও আনোয়ার হোসেন ‘এমিলের গোয়েন্দা বাহিনী’,‘পুরস্কার’, ‘অন্য জীবন’ এবং ‘লালসালু’র জন্য শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।

বিষয়:আনোয়ার হোসেন এমিলের গোয়েন্দা বাহিনী লালসালু সূর্যদীঘল বাড়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…