ইংলিশ প্রিমিয়ার লিগে হারতে যেন ভুলেই গেছে লিভারপুল। সবশেষ গত মার্চে এভারটনের বিপক্ষে ড্রয়ের পর থেকে থামানোই যাচ্ছে না ইয়ূর্গেন ক্লপের দলকে। শনিবার চেষ্টা করেছিল সাউদাম্পটন। কিন্তু সাদিও মানে আর মোহামেদ সালাহ মিলে এমনই ঝাঁকি দিলেন, শেষপর্যন্ত মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয়েছে প্রতিপক্ষকে।
প্রথমে পিছিয়ে পড়লেও নিজেদের মাঠে ঠিকই বড় জয় পেয়েছে লিভারপুল। সাদিও মানের জোড়া ও সালাহর এক গোলে অতিথিদের ৩-১ ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম পাঁচ ম্যাচেই অপরাজিত থাকল অলরেডরা।
প্রথম পাঁচ ম্যাচ তো বটেই, এভারটন ম্যাচের পর টানা ১৪ ম্যাচে জয় পেয়েছে ইউরোপের চ্যাম্পিয়নরা। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে আর কোনো দলের নেই এই কীর্তি। ম্যাচগুলোতে কোনো প্রতিপক্ষই পারেনি তাদের জালে একবারের বেশি বল জড়াতে।
অ্যানফিল্ডে ম্যাচের সপ্তম মিনিটেই গোল হজম করেছিল স্বাগতিকরা। ডানপ্রান্ত দিয়ে কোনাকুনি শটে সাউদাম্পটনকে এগিয়ে দেন জেত্রো উইলেমস।
ম্যাচের ২৮ মিনিটে সেই গোল শোধ করে দেন সেনেগালিজ ফরোয়ার্ড মানে। ৪০ মিনিটে নিজের দ্বিতীয় গোলে এগিয়ে নেন দলকে।
দ্বিতীয়ার্ধে গোলস্কোরে নাম লেখান সালাহ। রবের্তো ফিরমিনোর ব্যাকহিলে ৭২ মিনিটে দলের জয় নিশ্চিত করেন মিশরীয় ফরোয়ার্ড।







