ভ্রমণের স্মৃতিচারণ সবসময়ই মধুর হয়। বিশেষ করে যদি সেই ভ্রমণের সঙ্গে বড় কোনো অর্জন যোগ হয়। আর যদি অর্জনের উদ্দেশ্যেই ভ্রমণ হয় তবে তো কথাই নেই।
ভ্রমণের এমনই কিছু কথা স্মৃতিচারণ করলেন পর্বতারোহী আব্দুল মুহিত। দু’বার এভারেস্ট বিজয়ী মুহিত ফেসবুকে ২০১১ সালে তার এভারেস্ট অভিযানের সময় তোলা খুব প্রিয় একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন।
পোস্টটিতে তিনি লিখেছেন:
‘এটি আমার খুব পছন্দের একটি ছবি। ২০১১ সালের ১২ অক্টোবর মানাসলু শীর্ষে পৌঁছার পূর্ব মূহুর্তে অসাধারণ এই ছবিটি তোলে আমাদের গাইড মিংমা গ্যালজে শেরপা। ‘মানাসলু’ শিখর (৮,১৬৩ মিটার / ২৬,৭৮০ ফুট উঁচু) পৃথিবীর ৮ম উচ্চতম এবং পঞ্চম বিপজ্জনক শৃঙ্গ বলে পরিচিত। এভারেস্টে যেখানে গড় মৃত্যু হার ৫.৭০% আর মানাসলুতে তা ১৭.৮৫%। ২০১১ সালের ১০ অক্টোবর তারিখ সকালে নিশাত আর আমি বোতলজাত অক্সিজেন ব্যবহার করে ক্যাম্প-৩ (২৩,০০০ ফুট) থেকে চূড়ান্ত আরোহণ শুরু করি। কিন্তু ঝড়ের কবলে পড়ে ৭০০ ফুট অতিক্রম করার পর ক্যাম্প-৩ এ ফিরে যেতে বাধ্য হই। ১১ অক্টোবর ২০১১ তারিখ রাত ১১:০০টায় আমি ক্যাম্প-৩ থেকে পূনরায় আরোহণ শুরু করি এবং খাড়া হিমবাহের দেয়ালে স্থাপিত প্রায় ৩,৮১৫ ফুট দীর্ঘ দড়িতে জুমার ক্লাইম্বিং শেষে ১২ অক্টোবর ২০১১ তারিখে নেপাল সময় দুপুর ১২:৩০টায় ‘মানাসলু’ শীর্ষে আরোহণ করি।’






