‘সমতলের মানুষ কিভাবে পাহাড়ি মানুষদের ঠকায়,বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে কিভাবে প্রতিনিয়ত তাদের দমিয়ে রাখা হয়। অভ্যস্ত করে তোলা হয়। অথচ এটা তাদের জন্মভূমি, তাদের নিজেদের মতো করে বাঁচার অধিকার আর আর সবার মতো তাদেরও রয়েছে। কতো স্ট্রাগল করেই না তাদের বাঁচতে হয়। এসব নিয়েই মূলত গড়ে উঠেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিবাস’-এর গল্প। এটি মূলত মানবতার গল্প।’
আসছে ১৬ ডিসেম্বর রানা মাসুদের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিবাস’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলচ্চিত্রটি নিয়ে চ্যানেল আই অনলাইনের কাছে এভাবেই উপরের কথাগুলো বলছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র শতাব্দী ওয়াদুদ।
আসছে শনিবার সন্ধ্যা ৭ টায় পাবলিক লাইব্রেরীর ‘সেমিনার কক্ষে’ শতাব্দী ওয়াদুদ অভিনীত ‘নিবাস’ স্বল্পদৈর্ঘ্যটির শুভ উদ্বোধনী প্রদর্শনী। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, একুশে পদকপ্রাপ্ত তানভীর মোকাম্মেল।
১৬ ডিসেম্বর ‘নিবাস’-এর প্রিমিয়ারে উপস্থিত থাকবেন জানিয়ে শতাব্দী ওয়াদুদ বলেন, বিজয় দিবসে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে শাহবাগে পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে। আমিতো উপস্থিত থাকবোই, এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্মাতা তানভীর মোকাম্মেল। নিবাস ছাড়াও এদিন সিফাত ই রাব্বীর পরিচালনায় ‘বীর বিচ্ছু’ নামের আরেকটি শর্টফিল্ম দুপুর ১২টায় বিটিভিতে দেখাবে।
নাটক সিনেমায়তো প্রফেশনাল নির্মাতা, সেটাপ নিয়ে কাজ করে অভ্যস্ত। কিন্তু শর্টফিল্ম যারা নির্মাণ করতে আসেন তাদের বেশীর ভাগইতো নতুন। তাদের সঙ্গে কিভাবে মার্চ করেন?-এমন প্রশ্নের উত্তরে শতাব্দী ওয়াদুদ বলেন, সবচেয়ে পজিটিভ ব্যাপার হল নতুন শর্টফিল্ম বা ফিল্ম বানাতে আসা নির্মাতাদের প্রিপারেশন দেখলে অবাক হয়ে যাবেন। এতো গোছালো সবাই। আমিতো চার, পাঁচটি শর্টফিল্ম করেছি। এগুলোর বেশীর ভাগই তরুণ, কিন্তু নির্মাতা হিসেবে খুব স্মার্ট।
অন্যদিকে ‘নিবাস’ চলচ্চিত্র ও এর নির্মাতা রানা মাসুদ রানাকে নিয়ে শতাব্দী বলেন,‘নিবাস’ যিনি নির্মাণ করেছেন, তিনিতো বিজ্ঞাপনের মানুষ। কিন্তু এতো প্রিসিয়াস। আমি ছাড়া এই ছবিতে আরেকজন ক্যারেক্টার আছে। প্রত্যেকটা সিনের শট ডিভিশন এতো সুন্দর করে করা। লাইট সেট সব প্রস্তুত, কোনো ঝুট ঝামেলায় পড়তে হয়নি। নতুন মেকারের মধ্যে এই ব্যাপারগুলো আছে। আমাকে শুধু ফিল্মটিতে আমার চরিত্র নিয়েই ভাবতে হয়েছে, আর সবকিছু গুছানো ছিল।







