দুজনে বন্ধু। সতীর্থ। বিপিএলে দুই দলের অধিনায়ক। একজন সম্প্রতি জাতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন, তিনি সাকিব আল হাসান। আগে থেকেই ছিলেন টি-টুয়েন্টি দলের অধিনায়কও। আরেক জনকে টেস্টের সহ-অধিনায়ক থেকে সরিয়ে টি-টুয়েন্টির সহ-অধিনায়ক করা হয়েছে, তিনি তামিম ইকবাল। সাম্প্রতিক এই অদল-বদল নিয়ে কথা বলতে যেয়ে নিজের থেকে সাকিবকেই এগিয়ে রাখলেন তামিম।
‘আমি যখন টেস্টের সহ-অধিনায়ক ছিলাম, তখন বোর্ড আমাকে ঠিক মনে করেছিল বলেই দায়িত্ব দিয়েছিল। এখন আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে। সম্ভবত সে আমার থেকে ভাল। এসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’ বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলছিলেন তামিম।
বিপিএলে ঢাকার উইকেটকে ‘জঘন্য’ বলায় তামিমকে শোকজ করা হয়। এদিন তারই শুনানি ছিল। শুনানি শেষে বেরিয়ে যাওয়ার সময় তামিম বলে যান, যেভাবে তিনি সমালোচনা করেছেন, সেটা ঠিক হয়নি। অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতেন।
মুশফিকুর রহিমকে অধিনায়ক থেকে সরিয়ে দিলে স্বাভাবিকভাবে দায়িত্ব আসার কথা সহ-অধিনায়ক তামিমের কাঁধে। সেটা না হওয়ায় দেশসেরা ওপেনারের কোনো আক্ষেপ নেই। বললেন, ‘এসব নিয়ে আামার কোনো অভিযোগ নেই।’
সাকিব আগের দফায় ৯ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার দায়িত্ব পান। সেদফায় ৮ টেস্টে নেতৃত্ব দেন। পরে ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। মোট ৯ টেস্টে নেতৃত্ব দিয়ে কেবল ওয়েস্ট ইন্ডিজের (২০০৯ সালে) বিপক্ষে একটিতে জয় এনে দিতে পেরেছিলেন সাকিব। বাকিগুলোয় হার দেখেছে দল।
তামিম এবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়ে প্রথম রাউন্ডে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে আসেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাশরাফীর রংপুরের বিপক্ষে হেরে ফাইনালে ওঠা হয়নি। অন্যদিকে সাকিব ফাইনালে এসে ওই রংপুরের বিপক্ষে হেরে যান।







