‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেবুয়ারি’ গানটি প্রথম সুর আব্দুল লতিফ করেছিলেন। কিন্তু একুশের গানের যে সুর প্রতিষ্ঠিত সেটা ভাষা সৈনিক ও শহীদ মুক্তিযোদ্ধা সুরকার আলতাফ মাহমুদের করা।
সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে তরুণদের উগ্রপন্থায় জড়িয়ে পড়ার বিভিন্ন খবরের প্রেক্ষাপটে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’সহ বিভিন্ন কালজয়ী দেশাত্মবোধক গানের সুরকার আব্দুল লতিফের মতো মানুষদের ‘বড় বেশি প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রীর এরকম বিভ্রান্তকর ও ভুল তথ্য বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন শহীদ মুক্তিযোদ্ধা আফতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।
শাওন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয়দের কাছে বিনীত নিবেদন। আপনাদের প্রতি সম্পূর্ন শ্রদ্ধা রেখে বলছি আপনারা দয়া করে ঐতিহাসিক ভুল করা বন্ধ করুন। আপনাদের তথ্যে ভুল থাকলে তা সংবাদে ছাপানো হয়, টিভিতে দেখানো হয়, রেডিওতে শোনানো হয়। আমরা সেই ভুল পড়ি, দেখি, শুনি। এরপর সঠিকটা শুনলে বা জানলে তা নিয়ে প্রচন্ড দ্বিধাদ্বন্দ্বে জীবন কাটাই। তর্ক করি। ঝগড়ায় লিপ্ত হই। শত্রু বাড়াই।কিন্তু কেউ কারো ভুল শুধরাই না হুম।’








