ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হয়ে নিজ শহরে ফিরেছে পাঁচ বছর পর স্প্যানিশ লা লিগা জেতা রিয়াল মাদ্রিদ। জিদান ও তার দলের ফুটবলারদের বিপুল সংবর্ধনা দিয়ে বরণ করে নিতে মাদ্রিদের রাস্তায় হাজির ছিলেন অজস্র সমর্থক। উৎসবের নগরীতে পরিণত হয়েছিল স্পেনের রাজধানী।
ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার গোলে মালাগাকে তাদেরই মাঠে ২-০তে হারায় রিয়াল। যেটি ক্লাবের ইতিহাসে তাদের রেকর্ড ৩৩তম স্প্যানিশ লিগ শিরোপা এনে দেয়। ১৯২৯ সালে প্রথমার লিগ সেরা হয়েছিল লস ব্লাঙ্কোসরা।
বাসে চড়ে রোনাল্ডো, র্যামোস, রদ্রিগেজ, মার্সেলোরা হাত নেড়ে ভক্তদের অভিনন্দনের জবাব দেন। ৩৩ বার লা লিগার শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ জুভেন্টাসের বিপক্ষে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনাল খেলবে।
সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে ২০১২ সালে সর্বশেষ লা লিগা জিতেছিল লস ব্লাঙ্কোসরা। পরে গত পাঁচবছরে দুবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছে রিয়াল, কোপা ডেল রেও জিতেছে। শুধু লিগ শিরোপার হাহাকার ছিল।
গত মৌসুমে দায়িত্ব নিয়ে রিয়ালকে ইউরোপ সেরা করেছিলেন জিদান। এবার উপহার দিলেন লা লিগাও। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতে ডাবলস জয়ের সুযোগ এখন বার্নাব্যুর দলটির সামনে।
সমর্থকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন রোনালদো-মার্সেলো, মাঝে সেলফিতে ব্যস্ত গোলকিপার কাইলর নাভাস।
মাদ্রিদ স্কয়ারে পতাকা নিয়ে উৎসবের একটি মুহূর্ত।

হাজারো সমর্থকের সামনে শিরোপা হাতে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।

উৎসবের মুহূর্ত ধারণে ব্যস্ত রিয়াল সমর্থকরা।

যে ছবিটি সব কথা বলে দেয়।








