শুরুতে বেমালুম অস্বীকার করেছিলেন। কিন্তু ভিডিও ফুটেজে তার মারামারির দৃশ্য প্রকাশ হওয়ার পর হারই মানলেন বেন স্টোকস। নিজেকে মানসিকভাবে ‘ভঙ্গুর এবং বিধ্বস্ত’ দাবি করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রধানের কাছে ক্ষমাও চেয়েছেন ইংলিশ অলরাউন্ডার। বিবিসি জানাচ্ছে এমনটাই।
গত সোমবার রাতে ব্রিস্টলের এক নাইটক্লাবে মারামারি করে পুলিশের হাতে গ্রেপ্তার হন স্টোকস। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য সানের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, রাতের রাস্তায় দুই ব্যক্তির সঙ্গে স্টোকস রীতিমতো মারামারি করছেন। ঘুষি মারতে মারতে একজনকে রাস্তায় ফেলে দিচ্ছেন।
এমন ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে স্টোকসকে নিয়ে ছি-ছি রব উঠেছে চারিদিকে। সমালোচনায় মুখর হয়েছেন অনেক সাবেক ক্রিকেটাররাও। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন স্টোকসকে পরামর্শ দিয়েছেন, আয়নায় একবার মুখটা দেখে নিজেকে বিচার করতে।
অস্বস্তিতে আছে ইসিবিও। স্টোকসের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা এসেছে ইংলিশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি থেকে। মুচলেকা দিয়ে যদিও ছাড়া পেয়েছেন, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলাকালীন স্টোকসকে যেন জাতীয় দলের জন্য বিবেচনা না করা হয়। অবশ্য আসছে নভেম্বরের অ্যাশেজ দলে রাখা হয়েছে তাকে। অপরাধ প্রমাণ হলে আবার বড় রকমের নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে তারকা অলরাউন্ডারকে।







