মাটির হাড়িতে পাখির নীড়
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
পাখির অবাধ বিচরণ ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে খুলনার সরকারি অফিসপ্রাঙ্গনের গাছপালা সংরক্ষণ করা হচ্ছে। এসব গাছে মাটির হাড়ি বেঁধে নীড় তৈরি করা হচ্ছে। পাশাপাশি পাখি শিকার বন্ধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
সন্ধ্যা নামতেই বক, শালিক, টিয়াসহ বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলীতে মুখর থাকছে এসব গাছপালা। দেশীয় পাখি ছাড়াও এখানে পরিযায়ীরাও বসছে।
পাখির জন্য এমন পরিবেশ সৃষ্টি করতেই খুলনার সরকারি অফিস প্রাঙ্গনে বড় বড় গাছগুলো না কাটার নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে গাছগুলোতে মাটির হাড়ি দিয়ে পাখির নীড়ও তৈরি করে দেওয়া হচ্ছে।
খুলনা অঞ্চলে পাখির অভয়ারণ্য গড়ে তুলতে আইন প্রয়োগের ক্ষেত্রেও কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। বন্যপ্রাণী সংরক্ষন আইনের আলোকে কার্যকর ব্যবস্থা নেয়ার কথা বলেছে খুলনা পুলিশ সুপার বিপিএম এস এম শফিউল্লাহ।
মানুষের অস্তিত্ব রক্ষার স্বার্থে পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।



