মা’কে সেঞ্চুরি উৎসর্গ মাহমুদউল্লাহর

সেঞ্চুরি উদযাপনে প্রতিটি ব্যাটসম্যানেরই নিজস্ব ভঙ্গি থাকে। অনেকে তেড়েফুঁড়ে উদযাপন করতে পছন্দ করেন। হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরলেই কারও কারও উদযাপন সারা হয়ে যায়। মাহমুদউল্লাহ রিয়াদের ধরন একদমই ভিন্ন। উদযাপনে থাকে পরিবারের প্রতি ভালোবাসার প্রকাশ।
এবারও সেটির ব্যতিক্রম হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেঞ্চুরির পর দুই হাতের আঙুল দিয়ে বুকের কাছে তৈরি করেছেন হৃদয়। পরে উড়ন্ত চুমু ছুঁড়েছেন গ্যালারিতে। আসলে স্ত্রী-সন্তান যেখানে আছেন সেখানে।
মাহমুদউল্লাহ বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি করে যে উদযাপনটি করেছিলেন, সেটিই করলেন শের-ই-বাংলা স্টেডিয়ামে। ৩ বছর আগেরটি ছিল শুধু স্ত্রী’র জন্য। এবার স্ত্রী ও সন্তানের প্রতি মমত্ববোধের প্রকাশ ঘটালেন তিন অঙ্কের কীর্তি ছুঁয়ে।
‘উদযাপনের উদ্দেশ্য আমার পরিবার। আমার স্ত্রী, আমার ছোট বাচ্চা। আমি সেঞ্চুরিটা আমার আম্মুকে উৎসর্গ করতে চাই। কারণ আমার বাবা-মা আমার জন্য অনেক দোয়া করে। সবার বাবা-মা, তাই করে। এই কারণে আমার মনে হয় তারা এটা ডিজার্ভ করেন।’







