মাঠের খেলা ও অধিনায়কত্বে দারুণভাবে উজ্জ্বল লুকা মদ্রিচ। তার পারফরম্যান্সে অনেকটা ভর করে সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে ক্রোয়েশিয়া। অধিনায়কের এমন ফর্মে মুগ্ধ ক্রোয়েট ফরোয়ার্ড মারিও মানজুকিচ। রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বলের অন্যতম দাবিদারও মানছেন সতীর্থকেই।
বুধবার বাংলাদেশ সময় ১২টায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে মস্কোর লুঝনিকিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই গোল করা মদ্রিচ সেই ম্যাচে বড় প্রভাবক হবেন বলেই বিশ্বাস মানজুকিচের।
‘অনেকদিন থেকেই আমি লুকাকে চিনি। এমনকি সে যখন জাতীয় দলে খেলতো না তখনও। ভক্ত ও গণমাধ্যমের কাছ থেকে সে সম্মানটুকু পায়, তার পুরোপুরি যোগ্য সে।’
‘এই পর্যন্ত আসতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সে আমাদের অধিনায়ক ও নেতা। যদি দল ভালো কিছু করে তাহলে তার গোল্ডন বল পাওয়া উচিত। আর সে এটার যোগ্যও।’





