স্পোর্টস

মঙ্গলবার ভারত যাচ্ছেন মোস্তাফিজ

মঙ্গলবার ভারত যাচ্ছেন মোস্তাফিজ

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে মঙ্গলবার বিকেলে ভারতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা সফর থেকে শুক্রবার দেশে ফিরে গ্রামের বাড়ি সাতক্ষীরায় গিয়েছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে দুইদিন কাটিয়ে সোমবার ঢাকায় ফিরেছেন এই পেসার।

আইপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মোস্তাফিজ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা ২৬ এপ্রিল। আয়ারল্যান্ডে যাওয়ার আগে সাসেক্সে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে দল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন কন্ডিশনিং ক্যাম্পের শেষ দিকে আইপিএলে থাকা মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান সাসেক্সে দলের সঙ্গে যোগ দেবেন, ‘সাকিব ও মোস্তাফিজের আইপিএলে খেলা থাকায় ওরা ইংল্যান্ডে শেষের দিকে যোগ দেবে। আমরা দুই-তিন জন প্লেয়ার বেশি নিয়ে যাব। ব্যাকআপের একটা প্ল্যান আছে। কিছু প্লেয়ার তৈরি করার চেষ্টা করছি। ভবিষ্যতে যাদের বাংলাদেশ টিমে খেলার সম্ভাবনা আছে তাদের আমরা এই সুবিধাগুলো দিচ্ছি। যদি খেলতে হয় সমস্যায় যেন না পড়ে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে।’

সাসেক্সে গিয়ে বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলেও জানান আকরাম। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ মে।

ত্রিদেশীয় সিরিজের আগে স্পিন বোলিং কোচ পাওয়া যাবে বলে নিশ্চিত করে আকরাম বলেন, ‘আমরা এরই মধ্যে তিন-চারজনের নাম নির্ধারণ করেছি। আশা করছি দুই-এক দিনের মধ্যেই নাম ঘোষণা করতে পারবো। অবশ্যই সেটা এই ট্যুরের আগেই (ত্রিদেশীয় সিরিজ)।’

স্বল্পকালীন সময়ের জন্য ফিল্ডিং পরামর্শক হিসেবে জন্টি রোডস কবে আসবেন সেটি এখনও নিশ্চিত করতে পারেননি আকরাম। তিনি জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার আসার সম্ভাবনা নেই। আসলেও শুধু জাতীয় দল না, এইচপি (হাই পারফরম্যান্স) ইউনিটের সঙ্গেও কাজ করবেন রোডস।

বিষয়:মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…