লালমনিরহাটের এক ব্যক্তির ভূমি খতিয়ান না খোলায় ভূমিসচিব, লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
‘আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না’ রুলে তা জানতে চাওয়া হয়েছে। আগামি চার সপ্তাহের মধ্য ভূমিসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।
লালমনিরহাটের তেলিপাড়া মৌজার সংশ্লিষ্ট ভূমি নতুন করে খতিয়ান তিন মাসের মধ্যে নতুন করে খুলতে হাইকোর্টের দেয়া নির্দেশনা পালন না হওয়ার অভিযোগে ভূমির মালিক আবদুল মজিদ সোমবার আদালত অবমাননার অভিযোগ করেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত মঙ্গলবার এই রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা বাদল।






